• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬, ২১:৪৬ অপরাহ্ণ
বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ গত প্রায় ১০দিন ধরে মুনাফা ও আসল অর্থ ফেরত পাচ্ছেন না
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : গত প্রায় ১০ দিন ধরে বরিশালে সঞ্চয়পত্রের গ্রাহকগণ তাঁদের মুনাফার অর্থসহ মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ আসল টাকাও ফেরত পাচ্ছেন না। এমনকি নতুন করে কেউ সঞ্চয়পত্র কিনতেও পারছেন না। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ‘পরিবার সঞ্চয়পত্র’ ও ‘পেনশনার সঞ্চয়পত্র’র যেসব গ্রাহক মাসিক মুনাফার অর্থে সংসার ব্যয় নির্বাহ করেন, তাঁরা।

মাসের নির্দিষ্ট সময়ে তাঁদের ব্যাংক হিসাবে মুনাফার অর্থ জমা হওয়ার কথা থাকলেও সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বরিশাল অঞ্চলের লক্ষাধিক গ্রাহক গত প্রায় দশ দিন তাঁদের মুনাফার অর্থ পাচ্ছেন না। বিষয়টি নিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের সাথে সেলফোনে আলাপ করা হলে তিনি জানান, সমস্যাটি শুধু বরিশালের নয়, সারা দেশজুড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবহিত আছেন এবং সমস্যা সমাধানে চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে, তা বলতে পারেননি তিনি।

গত আগস্ট মাসের প্রথম সপ্তাহের বেশিরভাগ সময়জুড়েও একই পরিস্থিতি অব্যাহত ছিল। এ ছাড়া বিগত দুটি ঈদ উৎসবের টানা ৭-৮ দিন পর্যন্ত ছুটিসহ গত ২০-২৪ অক্টোবর দুর্গাপূজার ৫ দিনের ছুটির সময়েও প্রাপ্য মাসিক মুনাফাপ্রদেয় পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফাপ্রদেয় বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপুল সংখ্যক গ্রাহকের ব্যাংক হিসাবে কোনো মুনাফা জমা হয়নি।

সাম্প্রতিককালে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী সাধারণ মানুষসহ সরকারি ও আধাসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও হতাশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিভিন্ন স্কিমের বিনিয়োগকারীগণ।

গত কয়েকদিন ধরেই বরিশালের বিভিন্ন ব্যাংক কাউন্টারে এসব বিনিয়োগকারীর ক্ষোভ ও হতাশার কথাই শোনা যাচ্ছে। অপরদিকে সঞ্চয় অধিদপ্তরের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে বিনিয়োগকারীদের অর্থ না পাওয়ার বিষয়টি নিয়ে অনেকেই ইতোমধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করতেও শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। কেউ কেউ বিষয়টিকে ‘সরকারের অর্থ সংকটে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফা ও বিনিয়োগকৃত আসল অর্থ দেওয়া হচ্ছে না’ বলে প্রচার করে ‘বারবার সার্ভারের সমস্যাকে একটি অজুহাত’ বলেও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল