নিজস্ব প্রতিবেদক : ভোলার ইলিশা এলাকায় অবৈধভাবে পাচারের অভিযোগে জব্দ করা ২১৮ বস্তা সার সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করেছে প্রশাসন।
রবিবার (২২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে এসব সার বিক্রি করা হয়। বাজারে সারের বাড়তি দাম ও সংকটের মধ্যে নির্ধারিত দামে সার পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।
রবিবার সকালে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, জব্দ করা ২১৮ বস্তা সারের মধ্যে ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) ও এমওপি (মিউরেট অব পটাশ) সার রয়েছে। সরকারি মূল্য অনুযায়ী, প্রতি বস্তা ডিএপি ১ হাজার টাকা এবং এমওপি ৯৫০ টাকা দরে বিক্রি করা হয়। কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমাণে এসব সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অবৈধভাবে পাচারের সময় জব্দ করা সারগুলো প্রকৃত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়েছে। বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
সার কিনতে আসা স্থানীয় কৃষকেরা জানান, ডিলারদের সিন্ডিকেট ও বাজারে কৃত্রিম সংকটের কারণে অনেক সময় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দিয়ে সার কিনতে হয়। এমনকি বাড়তি দাম দিয়েও প্রয়োজনের সময় সার পাওয়া যায় না। এতে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। এ অবস্থায় জব্দ করা সার সরকারি দামে কিনতে পেরে কিছুটা আর্থিক সাশ্রয় হয়েছে বলে জানান তারা।
এর আগে গত ৩ নভেম্বর ভোলার ইলিশা এলাকায় নদীপথে সার পাচারের সন্দেহে স্থানীয় লোকজন ২৯০ বস্তা সার আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাশ। একই সঙ্গে স্থানীয় একটি গুদাম সিলগালা করা হয়।
পরে তদন্ত করে ৮০ বস্তা সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়। স্থানীয় কৃষক রফিক ক্রয়ের স্লিপ দেখাতে পারায় ওই সারগুলো বৈধ ঘোষণা করা হয়। তবে বাকি ২১৮ বস্তা সারের মালিকানা ও বৈধতার প্রমাণ না মেলায় সেগুলো জব্দ রাখে প্রশাসন। পরবর্তী সময়ে এসব সারই রোববার সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়।