নিজস্ব প্রতিবেদক : পবিত্র রাস-পূর্ণিমা উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬। আগামী ২৩ নভেম্বর কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্রে ‘আন্তর্জাতিক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের হাজারো মতুয়া ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।
আন্তর্জাতিক শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি মতুয়া নেতৃত্বের সার্বিক সহযোগিতায় ইতিমধ্যেই মহাসম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজকদের মতে, সমুদ্রসৈকতের মনোরম ও প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এই উৎসব মতুয়া ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক চেতনা ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করবে।
মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন আন্তর্জাতিক মতুয়া মিশনের সভাপতি মহামতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)।
এছাড়া আশীর্বাদক হিসেবে বরগুনা সেবাশ্রমের ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল এবং বিশেষ অতিথি ও মূল বক্তা হিসেবে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক শ্রী স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত থাকবেন।
সম্মেলনের মূল আলোচনায় মতুয়া মিশনের মূল বক্তা ড. গোকুল চন্দ্র বিশ্বাস, ড. সঞ্জয় কুমার দাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতুয়া ধর্মের দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করবেন।
আয়োজক কমিটির বাংলাদেশ শাখার সমন্বয়ক এবং স্থানীয় কলাপাড়া শাখার নেতৃবৃন্দ উৎসবটি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দেশ ও বিদেশের সকল ভক্ত ও অনুরাগীদের পুণ্যস্নান ও মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন।