নিজস্ব প্রতিবেদক : নদী রক্ষায় প্রশাসনের ধারাবাহিক অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না বরিশালে অবৈধ বালু উত্তোলন। জেলার বিভিন্ন নদ-নদীর অন্তত ৩৪টি পয়েন্টে প্রভাবশালী চক্রের মাধ্যমে চলছে এই কার্যক্রম। এতে একদিকে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে বাড়ছে নদীভাঙন, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং বসতভিটা হারানোর শঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান চলাকালে কিছু সময়ের জন্য বালু উত্তোলন বন্ধ থাকলেও অভিযান শেষ হওয়ার পরপরই আবার সক্রিয় হয়ে ওঠে সংশ্লিষ্ট চক্র। ফলে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ।
‘অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশাল নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তনখোলা নদীসহ জেলার বিভিন্ন নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। বিশেষ করে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে বালু তোলার প্রবণতা বেশি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত ইজারা ও প্রচলিত বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন স্থানে চলছে এই কার্যক্রম।
জানা গেছে, জেলার আড়িয়াল খাঁ, কালাবদর, গজারিয়া, সন্ধ্যা, জয়ন্তী ও মেঘনার বিভিন্ন শাখা নদীসহ অন্তত ৩৪টি পয়েন্টে বালু উত্তোলন চলছে। শতাধিক ব্যক্তির সমন্বয়ে একটি শক্তিশালী চক্র এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে।
‘অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও সরঞ্জাম জব্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।’
অবৈধ বালু উত্তোলন বন্ধে গত দুই মাসে বরিশাল জেলায় অন্তত সাতটি অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসব অভিযানে প্রায় অর্ধকোটি টাকা জরিমানা আদায়ের পাশাপাশি পাঁচটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এরপরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের অভিযানের পর চক্রটি আবার পুনরায় বালু উত্তোলন শুরু করে। তাদের মতে, শুধু জরিমানা ও যন্ত্রপাতি জব্দ করে এই কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। এর সঙ্গে জড়িত ব্যক্তি, অর্থের উৎস, বালু পরিবহনের পথ এবং বিক্রয় ব্যবস্থার ওপরও নজরদারি প্রয়োজন।
কীর্তনখোলা নদীর তীরবর্তী ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। প্রশাসন অভিযান চালালেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।
কালিজিরা নদীর পাড়ের বাসিন্দা লাবু অভিযোগ করে বলেন, দিন-রাত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বসতবাড়ি ও কৃষিজমি নিয়ে বিপাকে পড়তে হবে।
‘নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। প্রশাসন অভিযান চালালেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।’
বাবুগঞ্জের উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাসিন্দা কবির হোসেন বলেন, অবাধে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বাড়ছে। প্রশাসন অভিযান চালানোর পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকে। পরে আবার আগের মতো বালু উত্তোলন শুরু হয়। এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন ও পানির প্রবাহে পরিবর্তন আসতে পারে। এর প্রভাবে নদীর গতিপথ পরিবর্তন, তীরের স্থিতিশীলতা নষ্ট হওয়া এবং ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি নদীর আশপাশের কৃষিজমি, বসতভিটা ও জলজ প্রাণীর আবাসস্থলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া নদী রক্ষায় শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযানের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত, ড্রেজার চলাচল পর্যবেক্ষণ, বালু পরিবহনের উৎস যাচাই এবং ইজারাবহির্ভূত এলাকায় নজরদারি জোরদার করা প্রয়োজন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বরিশালে তালিকাভুক্ত ২৬টি বালুমহালের মধ্যে ইজারা দেওয়া হয়েছে মাত্র আটটি। বাকি ১৮টি বালুমহাল আইনি জটিলতার কারণে ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। বিশেষ করে নদীর তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় বালু উত্তোলন ভাঙনের আশঙ্কা বাড়াতে পারে। তাই নির্ধারিত নিয়মের বাইরে বালু উত্তোলন বন্ধ করা জরুরি।
বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অপরাধে জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও সরঞ্জাম জব্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।