• ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও ভবন নির্মাণ, ব্যবস্থা চেয়ে বিসিসিতে আবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ২১:৫৮ অপরাহ্ণ
বরিশালে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেও ভবন নির্মাণ, ব্যবস্থা চেয়ে বিসিসিতে আবেদন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের আলেকান্দা এলাকায় একটি ১৫ তলা ভবন নির্মাণ প্রকল্প নিয়ে বিরোধ দেখা দিয়েছে। এ প্রকল্পের কার্যক্রমের বিরুদ্ধে আদালতে মামলা ও নিষেধাজ্ঞার আদেশ থাকার কথা উল্লেখ করে নির্মাণকাজসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে গত ৯ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষে কয়েকজন ব্যক্তি। আবেদনে আদালতের বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পটির সব কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, আলেকান্দা এলাকার ওই কনডোমিনিয়াম প্রকল্পে ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিরোধের জেরে বরিশালের বিজ্ঞ সিভিল জজ আদালতে ৩০৩/২০২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে। আদালত এ বিষয়ে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলে আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞার আদেশের অনুলিপি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে। তাই আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকল্পটির নির্মাণকাজসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে সিটি করপোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আবেদনকারীদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বরিশাল সিটি করপোরেশন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল