নিজস্ব প্রতিবেদক : বরগুনায় নামাজ পড়তে বলায় সত্তরোর্ধ্ব নানা শ্বশুরের হাঁটার জন্য ব্যবহৃত লাঠি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে। এ ছাড়া বৃদ্ধকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখানোরও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আইনগত প্রতিকার পেতে নাতি জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার সোনালীপাড়ার বাসিন্দা।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় বসবাস করেন। অভিযুক্ত নাতি জামাই মো. রব্বানী গাজী একই এলাকার প্রতিবেশী। গত ১২ নভেম্বর দুপুরে নাতি জামাই রব্বানী গাজীকে নামাজ পড়ার কথা বলেন সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাঁটার জন্য ব্যবহৃত লাঠিটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
এ ছাড়াও পথে-ঘাটে অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি। এ ঘটনায় বর্তমানে হাতের লাঠি ছাড়া চলাফেরা করতে কষ্ট হওয়ায় এবং পথে-ঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন সোহরাব হোসেন। আর এ কারণেই অভিযুক্ত নাতি জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হন তিনি।
এ বিষয়ে বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, নামাজ পড়তে বলার বিষয় নিয়ে নাতি জামাইয়ের বিরুদ্ধে সোহরাব হোসেন নামে এক বৃদ্ধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় আইনিভাবে যতটুকু ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা তা করবো। এ ছাড়াও যদি তাদের কাউন্সেলিং করে বিষয়টি সমাধান করা যায়, তাহলে সেই ব্যবস্থা করা হবে।