• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ভোররাতে পেট্রল ঢেলে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ও জোনাল কার্যালয়ে এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মসজিদ গেটের সামনে পৃথক এই দুটি ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দা ও নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও নাশকতা থেকে রক্ষা পাওয়া গেছে।

পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে চারটার দিকে একদল দুর্বৃত্ত সিঅ্যান্ডবি সড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে ভবনের নৈশপ্রহরী চিৎকার শুরু করলে ভবনের মালিক ও আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। উল্লেখ্য, ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।

প্রায় একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কেও ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ দল পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেখানেও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত সটকে পড়ে এবং এলাকাবাসীর তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়।

ঘটনার পর গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুনে ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, নাশকতার এই চেষ্টার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

এদিকে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, গ্রামীণ ব্যাংকের ভবনে অগ্নিসংযোগের চেষ্টার বিষয়টি তাদের জানা ছিল না এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট যাওয়ার প্রয়োজন পড়েনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের নেপথ্যে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল