• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬, ২১:৪৪ অপরাহ্ণ
পিরোজপুরে পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পেয়ারা উৎপাদনের জন্য পরিচিত পিরোজপুরে এখন কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়িয়েছে জিআই স্বীকৃত আমড়া। জেলার বিভিন্ন উপজেলায় বাড়ছে আমড়ার আবাদ। উৎপাদনে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে থাকা পিরোজপুরের এই ফল এখন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয়। আমড়ার বাড়তি চাহিদা ও বাজার সম্প্রসারণের ফলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে স্থানীয় কৃষি অর্থনীতিতে।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের নদী-খালঘেরা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানার পরিচিতি দীর্ঘদিনের পেয়ারা উৎপাদন ও পাইকারি বাজারের জন্য। পেয়ারার মৌসুম শেষ হতে না হতেই সেখানে শুরু হয় আমড়ার বেচাকেনা। ভোর থেকে খালপথে নৌকায় করে আমড়া নিয়ে আসেন চাষি ও সংগ্রহকারীরা। পরে সেগুলো বাছাই, বস্তাবন্দি করে পাঠানো হয় দেশের বিভিন্ন অঞ্চলে।

শরৎ পেরিয়ে হেমন্তে আমড়া পাকার মৌসুমে আটঘর-কুড়িয়ানার পাইকারি মোকামগুলোতে বাড়ে কর্মচাঞ্চল্য। নৌকাভর্তি আমড়া, শ্রমিকদের বাছাই ও বস্তাবন্দির কাজ, ক্রেতা-বিক্রেতার দরদাম সব মিলিয়ে ব্যস্ত সময় কাটান চাষি, সংগ্রহকারী ও পাইকারি ব্যবসায়ীরা।

বরিশালের আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে এর পরিচিতি ও চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আকারে বড় ও স্বাদে মিষ্টি হওয়ায় এই আমড়ার আলাদা কদর রয়েছে। ফলে পেয়ারা চাষের পাশাপাশি আমড়া উৎপাদনেও আগ্রহী হচ্ছেন কৃষকেরা।

পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায় আমড়ার আবাদ হচ্ছে। এর মধ্যে নেছারাবাদে উৎপাদন সবচেয়ে বেশি। একসময় এলাকার অনেক কৃষক পেয়ারা চাষে বেশি আগ্রহী থাকলেও আমড়ার চাহিদা ও বাজার সম্প্রসারণের কারণে এখন ফলটির বাগান বাড়ানোর দিকে ঝুঁকছেন অনেকে।

আমড়ার মৌসুমে পিরোজপুরে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার বেচাকেনা হয় বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। স্থানীয় চাষি ও বিভিন্ন গ্রাম থেকে আমড়া সংগ্রহকারীদের কাছ থেকে ফল কিনে তা দেশের বিভিন্ন জেলায় পাঠান তারা। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলে যায় পিরোজপুরের আমড়া।

নেছারাবাদের পাইকারি ব্যবসায়ী সুজন হাওলাদার বলেন, আমড়া জিআই পণ্য হওয়ার কারণে সারা বাংলাদেশে এর চাহিদা বেড়েছে। এ বছর আমড়ার দামও মোটামুটি ভালো। প্রতিদিন আমার মোকাম দিয়ে ২০ থেকে ৩০ বস্তা আমড়া দেশের বিভিন্ন জায়গায় পাঠাই।

আরেক ব্যবসায়ী কায়সার আহমেদ বলেন, নেছারাবাদের আমড়া অনেক সুস্বাদু। এই এলাকার আমড়া ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে যায়। খুব সকালে চাষিরা আমড়া পেড়ে মোকামে নিয়ে আসেন। আমরা বস্তায় ভরে সারা দেশে পাঠাই।

চলতি মৌসুমে প্রাকৃতিক কারণে আমড়ার ফলন তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাজারদর মোটামুটি ভালো থাকায় চাষিরা আশাবাদী। অনেকেই বাড়ির আঙিনায় ও জমিতে থাকা আমড়াগাছ থেকে ফল বিক্রি করে বাড়তি আয় করছেন।

আমড়া বিক্রেতা নির্মল হাওলাদার বলেন, আমার বাড়িতে ৫০টি আমড়াগাছ আছে। প্রতিবছর কয়েক মণ আমড়া বিক্রি করি। এ বছরও বিক্রি করছি দাম মোটামুটি ভালো। কৃষি অফিস থেকে আমাদের আরও ভালো প্রশিক্ষণ দিলে উপকার হতো।

বিভিন্ন গ্রাম ঘুরে আমড়া সংগ্রহ করেন শিবু চন্দ্র তিনি বলেন, আমি বিভিন্ন গ্রাম ঘুরে আমড়া কিনি। একেক সময় একেক রকম দাম থাকে। বাজারদর অনুযায়ী কিনে নৌকায় করে মোকামে নিয়ে আসি।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুরে ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে। বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে এ উৎপাদন সর্বোচ্চ। জেলার উৎপাদিত আমড়া দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুরে ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। এখানকার আমড়া ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আকারে বড় ও সুমিষ্ট হওয়ায় বিক্রেতারা ভালো দামও পাচ্ছেন। আমড়া উৎপাদনে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল