• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত, নৌকায় ঘুরে দেখলেন হাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ২৩:৪৭ অপরাহ্ণ
ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত, নৌকায় ঘুরে দেখলেন হাট
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ছোট নৌকায় চড়ে হাটের ব্যস্ততা, নৌকায় নৌকায় পেয়ারার কেনাবেচা এবং বর্ষাকালের গ্রামীণ জনজীবন কাছ থেকে দেখেন তিনি। এ সময় স্থানীয় পেয়ারার স্বাদও নেন মার্কিন রাষ্ট্রদূত।

 

সকাল ৯টার দিকে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন।

 

পরে ছোট একটি নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। খালের পানিতে সারি সারি নৌকা, নৌকায় বসে পেয়ারা বিক্রি, ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা এবং চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ কাছ থেকে উপভোগ করেন তিনি।

 

হাট পরিদর্শনের একপর্যায়ে স্থানীয় পেয়ারার স্বাদ নেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ভীমরুলীর মনোরম প্রাকৃতিক পরিবেশ ও ব্যতিক্রমী ভাসমান বাজারের দৃশ্যও উপভোগ করেন তিনি।

 

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, “ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ আমি বেশ উপভোগ করেছি। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ আমাকে অভিভূত করেছে।”

 

ভীমরুলীর হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানা এলাকার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

 

বর্ষা মৌসুমে পেয়ারা উৎপাদন ও বেচাকেনাকে ঘিরে জমে ওঠে ভীমরুলীর এই ভাসমান হাট। খালের পানিতে নৌকায় নৌকায় চলে পেয়ারা কেনাবেচা। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এই বাজার এখন দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রও। বর্ষাকালে দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে ভীমরুলী।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল