• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-রোনালদোদের বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ২২:৩৪ অপরাহ্ণ
মেসি-রোনালদোদের বিশ্বকাপের পর এবার নিজের দেশ মাতাবেন সঞ্জয়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। এবার নিজের দেশ বাংলাদেশের দর্শকদের সামনে সংগীতের জাদু ছড়াতে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি।

সম্প্রতি এক বিশেষ ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার খবর জানিয়েছেন সঞ্জয়। আয়োজনে বিশেষ অতিথি পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন এই সংগীতশিল্পী।ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে আলোচনায় আসেন তিনি। ওই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি শিকড়ের কথাও তুলে ধরেন সঞ্জয়।

বাংলাদেশে পারফর্ম করার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় দেব বলেন, ‘ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনোকে অনেক ধন্যবাদ।’

টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, ‘সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন।’

আয়োজকদের প্রত্যাশা, সঞ্জয়ের পরিবেশনা টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে। আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে নিজের সংগীত পরিবেশন করবেন তিনি।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এতে অংশ নেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল