• ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬, ২১:২৩ অপরাহ্ণ
অস্ট্রেলিয়াকে টপকে গেল পাকিস্তান, বাংলাদেশ কোথায়
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের শিকার ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে গতকাল ইংল্যান্ডকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছে পাকিস্তান। বিশাল জয়ে এশিয়ার দলটি এবার পেল সুখবর। এমন ঘটনায় পেছনে পড়ে গেল অস্ট্রেলিয়া।

রাওয়ালপিন্ডিতে গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে পাকিস্তান। পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০৩। এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০২। ৮২ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৯ নম্বরে বাংলাদেশ।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে কেবল পাকিস্তান—অস্ট্রেলিয়ার অবস্থানের পরিবর্তন হয়েছে। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৫। ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৪। বাংলাদেশ পড়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঝে। আট নম্বরে থাকা আফগানদের রেটিং পয়েন্ট ৯২। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ।

আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা—মরার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ—আফগানিস্তান ম্যাচ। তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশের শুধু জিতলেই হচ্ছে না। মাথায় রাখতে হচ্ছে নেট রানরেটের ব্যাপারও।

শ্রীলঙ্কা—ইংল্যান্ড দুই দলের বিপক্ষেই টস হেরে আগে ব্যাটিং করে পাকিস্তান ৩০০—এর বেশি রান করেছে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৫ রান করে পাকিস্তান পেয়েছে ৩৭ রানের জয়। গতকাল পাকিস্তানের দেওয়া ৩০৩ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৩৮.৪ ওভারে ২১৫ রানে গুটিয়ে গেছে। ৮৭ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন আরাফাত মিনহাস। সাত নম্বরে নেমে ৫৮ বলে ৯ চারে করেছেন ৫৯ রান। বোলিংয়ে ৮.৪ ওভারে ৪০ রানে নিয়েছেন ৬ উইকেট।

অনবদ্য পারফরম্যান্সে শহীদ আফ্রিদি—আবদুল রাজ্জাকের রেকর্ডে ভাগ বসিয়েছেন মিনহাস। পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই মাঠে ফিফটি, ৫ উইকেট নেওয়ার ডাবলের কীর্তি গতকাল গড়েছেন মিনহাস। আফ্রিদি এই কীর্তি গড়েছেন তিনবার। পাকিস্তানি অলরাউন্ডারের এমন কীর্তি বিশ্ব ক্রিকেটেই প্রথম।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল