নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুর ওরফে আকাশ (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় হাতেনাতে আমিনুরকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আমিনুর আমতলী পৌরসভার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার মো. মোতাহার হাওলাদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।