• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিনের ওপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১৬:১৭ অপরাহ্ণ
এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিনের ওপর ডিম নিক্ষেপ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বগুড়া সদর আমলি আদালতের বিচারক এ আদেশ দেন।

এ সময় আদালত চত্বরে গাজী সালাউদ্দিন তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা গেছে, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে ডিবির গাড়িতে তোলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফিউল আল আমিন বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে সমালোচনার মুখে তিনি পোস্টটি মুছে ফেলেন।

এ ঘটনায় গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে সদর থানায় মামলাটি করেন।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে অভিযুক্ত গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল