• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে শপথ গ্রহণের একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন।

শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে সক্রিয় থাকবে।

শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল