• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অবরোধ অব্যাহত থাকলে জবাব দেবে ইরান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ২৩:২৩ অপরাহ্ণ
মার্কিন অবরোধ অব্যাহত থাকলে জবাব দেবে ইরান
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে তারা পাল্টা জবাব দেবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-এ প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ডাকাতি ও সমুদ্রদস্যুতা হিসেবে আখ্যা দেয়। এতে বলা হয়, যদি আগ্রাসী মার্কিন বাহিনী এই অবরোধ, ডাকাতি ও দস্যুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে তারা নিশ্চিতভাবে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর জবাবের মুখে পড়বে।

ইরান আরও জানায়, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় প্রস্তুত রয়েছে। শত্রুদের আচরণ ও গতিবিধি পর্যবেক্ষণ করে আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ।

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বিরোধ আরও জটিল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। মঙ্গলবার এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে ক্ষুব্ধ হয়ে তেহরান আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ দুই সপ্তাহ বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে চলমান সংঘাত অবসানে নিজস্ব পরিকল্পনা তৈরির জন্য আরও কিছুটা সময় পায় ইরান।

সূত্র: এএফপি

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল