অনলাইন ডেক্স : ভারতের হায়দরাবাদ শহরের একটি কবরস্থান থেকে ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার জব্দ করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) দেশটির এক সরকারি কর্মকর্তা জানান, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের সংকট তৈরি হয়েছে। এর সুযোগে একদল অসাধু ব্যবসায়ী এসব সিলিন্ডার কবরস্থানে মজুত করে কালোবাজারে বিক্রির চেষ্টা করছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ‘শুধু গতকালই প্রায় ২ হাজার ৬০০টি অভিযান চালানো হয়েছে এবং প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘সম্প্রতি হায়দরাবাদের একটি কবরস্থানের ভেতরে এক জায়গায় প্রায় ৪০০টি সিলিন্ডার পাওয়া গেছে। সেখানে ১০ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
পুলিশ জানায়, জব্দ করা সিলিন্ডার ও অভিযুক্তদের ব্যবহৃত কিছু যানবাহনের মোট মূল্য প্রায় ২২ লাখ রুপি।