নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন পুলিশের বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ কল্যাণসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ছাড়াও পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
সভায় সম্প্রতি মৃত্যুবরণকারী এসআই মোঃ সিদ্দিকুর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত এবং নীরবতা পালন করা হয়। এছাড়া অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আবুল হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।