নিজস্ব প্রতিবেদক : বর্ষার পানিতে ভরে উঠেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলার লাল শাপলার বিল। ভোরের কোমল আলোয় বিস্তীর্ণ জলরাশির ওপর ফুটে থাকা অসংখ্য লাল শাপলা বিলটিকে যেন রাঙিয়ে তুলেছে। দূর থেকে তাকালে মনে হয় পানির বুকজুড়ে বিছানো হয়েছে লাল ফুলের চাদর। শাপলার ফাঁকে ছোট নৌকার চলাচল, সাদা বক ও পানকৌড়িসহ নানা পাখির আনাগোনা আর চারপাশের শান্ত গ্রামীণ পরিবেশ মিলিয়ে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর এক আবহ।
বরিশাল শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উত্তরে সাতলা গ্রাম। বর্ষা মৌসুমে এই এলাকার বিস্তীর্ণ জলাভূমি জুড়ে দেখা মেলে লাল শাপলার অপূর্ব সমারোহ। সাধারণত প্রতিবছর জুলাই থেকে শাপলা ফুটতে শুরু করে এবং নভেম্বর পর্যন্ত এর সৌন্দর্য উপভোগ করা যায়। স্থানীয়দের কাছে এটি সাতলা বিল নামে পরিচিত হলেও লাল শাপলার আধিক্যের কারণে পর্যটকদের কাছে ‘সাতলার লাল শাপলার বিল’ নামেই বেশি পরিচিত। শাপলা ফোটার মৌসুমে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা এখানে ছুটে আসছেন।
এ বছর সৌন্দর্যবর্ধন ও উন্নয়নমূলক কাজের মধ্যে শাপলা বিলের প্রবেশমুখে একটি দৃষ্টিনন্দন গেট তৈরি,পর্যটকদের জন্য ভিউ পয়েন্ট ও ঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ায় দর্শনার্থীরা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারছেন। এদিকে সাতলার লাল শাপলার বিলকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং এর সৌন্দর্য বাড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার উদ্যোগ ও কর্মপরিকল্পনা প্রশংসনীয় এবং সুনাম কুড়িয়ে নিয়েছেন তিনি।
নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, দর্শনার্থীদের সৌন্দর্য উপভোগ ও শিল্পের প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতির চাকাকে সচল করতে সাহায্য করছে সাতলার লাল শাপলার বিল।