নিজস্ব প্রতিবেদক::বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার মাধবপাশা ইউনিয়নের হাদিবাসকাঠি গ্রামের মোক্তার মোল্লার ছেলে নাঈম মোল্লা (৩৫), মৃত মোতাহার আলী মোল্লার ছেলে নুরু মোল্লা (৫৬) এবং আসাদুল হাওলাদারের ছেলে আব্দুর রহিম হাওলাদার (৫৫)। এ ঘটনায় তোফাজ্জেল হোসেন ওরফে টিয়া নামে অপর আসামি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, নাঈম মোল্লা তাঁর বাবা মোক্তার মোল্লার নামে দলিলকৃত মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া মৌজার সাড়ে ৭ শতাংশ জমি নামজারির আবেদন করেন। আবেদনে সময় তিনি তোফাজ্জেল হোসেন ওরফে টিয়া, নুরু মোল্লা ও আব্দুর রহিম হাওলাদারের সহযোগিতায় দলিলের তফসিল পাল্টে মুশুরিয়া মৌজার সরকারের অর্পিত সম্পত্তির (ভিপি) জমি অন্তর্ভুক্ত করে দেন। মূল দলিল না দিয়ে সহিমোহর দলিল দিয়ে নামজারি আবেদন করায় ভূমি অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয় এবং তাঁরা তদন্ত করে তফসিল পরিবর্তনের প্রমাণ পান। গতকাল বৃহস্পতিবার বিকেলে নাঈম মোল্লা, নুরু মোল্লা ও আব্দুর রহিম হাওলাদার ওই নামজারির তদবির করতে গেলে ভূমি অফিসের কর্মকর্তারা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন এবং তহসিলদার বাদী হয়ে মামলা করেন।
মাধবপাশা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মিজানুর রহমান বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) বরিশাল থেকে দলিলের সহিমোহর কপি সংগ্রহ করে যাচাইয়ের নির্দেশ দিলে মূল দলিল ও জমাকৃত কপির মধ্যে তফসিল পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিরা নামজারির তদবির করতে ভূমি কার্যালয়ে এলে তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’