• ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাবাদে বিএনপির নাম ভাঙিয়ে আ’লীগ সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২৬, ২১:৩৬ অপরাহ্ণ
শায়েস্তাবাদে বিএনপির নাম ভাঙিয়ে আ’লীগ সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

 

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালতলী ব্রিজ সংলগ্ন বটতলা এলাকার চরাইচা গ্রামের বাসিন্দা ও শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান মুন্নার সাবেক মোটরসাইকেল চালক জাফর আকনের (৫৫) কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা পরিচয়দানকারী চানু মোল্লা ও বাচ্চু মোল্লা। তারা মৃত মোতালেব মোল্লার ছেলে।

ভুক্তভোগী পরিবারের দাবি, গত বুধবার (১০ জুন) বিকেলে চানু মোল্লা ও বাচ্চু মোল্লা তাদের সহযোগীদের নিয়ে জাফর আকনকে তার বাড়ি থেকে তুলে বটতলা এলাকায় নিয়ে যায়। সেখানে দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তার পরনের কাপড় পর্যন্ত খুলে অপমান করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে জাফর আকনের স্ত্রী ফরিদা ইয়াসমিন, ছেলে আতিকুর রহমান ও বোন লামিয়া আক্তার তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কাউনিয়া থানার এসআই ফখরুদ্দিন আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পুলিশ চলে যাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ

 

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, চানু ও বাচ্চু মোল্লা নগরীর ভাটিখানা এলাকা থেকে ২৫-৩০ জন যুবককে সঙ্গে নিয়ে ১৫টি মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর করা হয়।

 

জাফর আকনের পরিবারের অভিযোগ, হামলাকারীরা ঘরে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, তার স্ত্রী ও পুত্রবধূর স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এছাড়া হামলার ভিডিও ধারণের সময় তার ছেলে আতিকুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে ওসি সঞ্জিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। তবে ঘর ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগের সত্যতা যাচাইসহ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দল-মত নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে ভুক্তভোগীর ছেলে আতিকুর রহমান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তা শুধু আইন-শৃঙ্খলার জন্যই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের ভাবমূর্তির জন্যও বড় ধরনের হুমকি। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল