• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আহত তরুণের মৃত্যুর গুজবে তিন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২৬, ২২:৪৩ অপরাহ্ণ
বরিশালে আহত তরুণের মৃত্যুর গুজবে তিন বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে আহত এক তরুণের মৃত্যুর গুজবের পর তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের বানীমর্দন গ্রামের শুকুর হাজী, মোতালেব হাজী ও সুমন সরদারের নেতৃত্বে ৪০–৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে লক্ষ্মীপুর গ্রামের জাকির বাদশার বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ৭টি ঘর ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে এবং ৭টি গরু ও ১২টি ছাগল নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার পরপরই এক সংঘর্ষে মিলন হাজী (২১) আহত হন। পরবর্তীতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় এবং এ ঘটনার জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহযোগিতায় লুট হওয়া ৭টি গরু ও ১২টি ছাগল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য নুরুল আলম হাওলাদার অভিযোগ করে বলেন, একটি গুজবকে কেন্দ্র করে তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে, এতে বড় অঙ্কের ক্ষতি হয়েছে।

তবে অভিযুক্ত শুকুর হাজী দাবি করেন, আহত মিলনের মৃত্যুর খবর তারা পেয়েছিলেন এবং সেই উত্তেজনা থেকেই কিছু ভাঙচুর হয়েছে, তবে লুটপাটের অভিযোগ তিনি অস্বীকার করেন।

এদিকে আহত মিলন হাজীর ভাই জানিয়েছেন, তার ভাই জীবিত আছেন এবং ঢাকায় চিকিৎসাধীন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল