নিজস্ব প্রতিবেদক : বরিশালে মেঘনা নদীতে ঢাকা-বরিশাল নৌরুটের দু’টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।
গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে দু’টি লঞ্চের এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আজ (শুক্রবার, ২৯ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ব্যাপারে নিশ্চিত করে।
বিআইডব্লিউটিএ জানায়, গতকাল রাতে বরিশাল থেকে ঢাকা উদেশে যাচ্ছিলো ‘মানামি’ লঞ্চ আর ঢাকা থেকে আমতলীর দিকে যাচ্ছিলো ‘সুন্দরবন ৭’ লঞ্চ। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদীর উলানিয়া নামক স্থানে আসলে দু’টি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়।
এতে কেউ হতাহত না হলেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ‘সুন্দরবন ৭’ লঞ্চটি। তবে দু’টি লঞ্চ বর্তমানে তাদের গন্তব্যে অবস্থান করছে। এসব তথ্য নিশ্চিত করেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান।