নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে রাস্তার জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার ওস্তাখান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে রাস্তা নির্মাণের জমি নিয়ে দ্বন্দ্বে দুই হিন্দু পরিবারের মধ্যে তর্ক থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে সুভাষ হালদারের ঘরে ঢুকে কানাই লালের লোকজন এলোপাথারি কুপিয়ে সুভাষ, সৌরভ, সুজন ও বিউটি রানীকে জখম করে।
আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর শুনে পুলিশের টহল টিম হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।