নিজস্ব প্রতিবেদক : বরিশালে মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে হামলা, হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম ইমরান নামে এক ভুক্তভোগী প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
প্রেস ক্লাবের আকরম খা হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান বলেন, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম এলাকায় মসজিদ কমিটির বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আল আকসা জামে মসজিদের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ চলছিল। ২০২২ সালে আবুল কালাম আজাদ মসজিদের সভাপতি ছিলেন। পরে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ২০২৩ সালে অধিকাংশ মুসল্লি নতুন কমিটি গঠনের দাবি জানান। পরে নতুন কমিটিতে মাজহারুল ইসলাম সভাপতি নির্বাচিত হলে বিরোধ আরও তীব্র হয়। নতুন কমিটি গঠনের পর থেকেই মাজহারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আবুল কালাম আজাদের নেতৃত্বে শহিদুল ইসলাম হৃদয়, লুৎফর মোল্লা, সাজ্জাদ মোলা, রুবেল মিয়া, সাইফুল ইসলাম মুন্নাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মাজহারুল ইসলামকে না পেয়ে তার স্বজন এইচ এম ফয়সাল আহম্মেদ রাজু, আরিফ হাওলাদার ও ফাহিম আকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২৫ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে মামলার বাদী ও বর্তমান মসজিদ কমিটির সভাপতি মাজহারুল ইসলামকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর ভাষ্যমতে, ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার মোটরসাইকেল থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় শহিদুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে কাইউম জাহিদ, আবু সালেহ মো. উজ্জ্বল, সাজ্জাদ মোল্লা ও লুৎফর মোল্লাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, অপহরণের সময় পুলিশ বাধা দিলে অভিযুক্তরা নিজেদের ছাত্রদলের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও মব সৃষ্টির হুমকি দেয়। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।