নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার নিজ ঘর থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
প্রশাসন সূত্রে জানা যায়, হান্নান হাওলাদার কৃত্রিম সংকট সৃষ্টি করার লক্ষ্যে নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকে ১৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়ার হয়। পাশাপাশি তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দ ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থ বিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।