নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তার পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ জানান, রাজনৈতিক কারণে তার স্বামী বাড়িতে নেই। তার দেবরও একটি মামলায় কারাগারে রয়েছেন। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও পরিবারের শিশুসহ অন্য সদস্যরা থাকেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে অজ্ঞাত ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পরিবারের ছোট-বড় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।