• ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬, ১৯:৫৬ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্ক সংকেত
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, পটুয়াখালীর উপকূলে বৈরী আবহাওয়া। থেমে থেমে বৃষ্টি, ঘন মেঘে ঢেকে আছে আকাশ, বাড়ছে শীতের প্রকোপ। ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী এসব তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

গত মধ্যরাতে ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬০ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়া বা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে পটুয়াখালী, নোয়াখালী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের ৯টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল