নিজস্ব প্রতিবেদক: কর্মস্থলে নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকার অভিযোগে বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে তাৎক্ষণিক বদলিপূর্বক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করেছে জেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ উক্ত অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে অনুপস্থিত পান।
পরবর্তীকালে বিকেলে জারি করা এক অফিস আদেশে শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলিপূর্বক তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হয়।
বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও সময়ানুবর্তিতা লঙ্ঘনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। সেবার মান ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে জেলার বিভিন্ন ভূমি অফিসে জেলা প্রশাসনের এই আকস্মিক পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।