• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৫, ২০২৬, ২৩:০৭ অপরাহ্ণ
৩ মামলায় জামিন পেলেন সাবেক এমপি মমতাজ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : সাবেক সংসদ সদস্য ও লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে আদালত তিনটি পৃথক রুল জারি করে জানতে চেয়েছেন, মিরপুর ও আশুলিয়া থানায় দায়ের করা এসব মামলায় কেন মমতাজ বেগমকে স্থায়ী জামিন দেওয়া হবে না।

সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

তবে আরও তিন মামলায় গ্রেপ্তার থাকায় মমতাজ কারামুক্ত হতে পারবেন না বলে জানান তার আইনজীবী মো. মোতাহের হোসেন সাজু।

জামিন আবেদনের শুনানিতে মমতাজের পক্ষে তিনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোসাম্মৎ খায়রুন নেছা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ হোসেন লিজা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিজা বলেন, ‘হাইকোর্টের এ আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবে।’

গত বছরের ১২ মে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে একটি মামলায় চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে তাকে কারাগারে পাঠানো হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল