অনলাইন ডেক্স : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে ওএসডি করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে রাষ্টপতির আদেশক্রমে উপ—সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহীর হযরত শাহ মখদুম (রহঃ) বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানানোর সময় তার সঙ্গে আলিঙ্গনের চেষ্টা করেন ইউসুফ আলী। যেটি প্রটোকল অনুসরণ করা হয়নি। মূলত সেজন্য তাকে ওএসডি করা হয়েছে।
এ ব্যাপারে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া রাত থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যাতে দেখা যাচ্ছে, হ্যান্ডশেকের পর প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে আসছিলেন ইউসুফ আলী। তবে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্য কর্মকর্তা, সংসদ সদস্য ও নেতাদের সঙ্গে হ্যান্ডশেক করে চলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, বুধবার (২১ অক্টোবর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের ওয়েবসাইটে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দেখা যাচ্ছে ওয়েবসাইটে। তবে এ ব্যাপারে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।