• ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ১৩:০০ অপরাহ্ণ
বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর—পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে সাতজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ হোসেন (৩০), বড়কান্দি গ্রামের জহুরু উদ্দিনের ছেলে জুয়েল রানা (৪০), ডুবিসাহেব গ্রামের জাহান উদ্দিন মোল্লার শালাল মোল্লা (৪৫), কাজিরহাট গ্রামের শাহিন হোসেন (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বাসটির চালক সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামে বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে তাছফিয়া খাতুন (৮)।

আব্দুস সালাম নামে এক যাত্রী জানান, পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল বাসটি। মাদারীপুরের মোস্তাকপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য রাত ৯টার দিকে ওঠেন তিনি। ভোর রাত সাড়ে চারটার দিকে বাসটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনা আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নাটোরের বড়াইগ্রামে নাটোর—পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাস ও বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে ৯ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে হতাহতদের উদ্ধার করে। বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের ওপর থাকায় নাটোর—পাবনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনা আইনগত কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল