• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে একাধিক মামলার আসামি মোল্লা শাওন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২৩:০৮ অপরাহ্ণ
ঝালকাঠিতে একাধিক মামলার আসামি মোল্লা শাওন গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোল্লা শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি গণপূর্ত ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোল্লা শাওন বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি হিসেবে পরিচয় দেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দিতেন।

পুলিশ সূত্র জানায়, মোল্লা শাওনের বিরুদ্ধে ঝালকাঠি থানাসহ বিভিন্ন থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ঝালকাঠি থানা পুলিশের একটি দল গণপূর্ত ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোল্লা শাওনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে মোল্লা শাওনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে হয়রানি ও প্রতারণার অভিযোগকারী কয়েকজনসহ শতাধিক মানুষ ঝালকাঠি থানার সামনে জড়ো হন। তারা তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল