নিজস্ব প্রতিবেদক : ভোরের আগুনে মুহূর্তেই ছাই হয়ে গেল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারের অন্তত ১২টি দোকান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে লাগা ভয়াবহ আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে সর্বস্ব হারিয়েছেন কয়েকজন ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মো. মন্টু খানের দোকান এবং বিমল ও মো. সবুর খানের সেলুন, কসমেটিকস ও ইলেকট্রনিকসের দোকানসহ অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশ মালামাল ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, ফায়ার সার্ভিস আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হতো। তবে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।