• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কলেজ মাঠে পড়ে ছিল মেশিনগানের কার্তুজ, উদ্ধার করল পুলিশ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ২২:০৬ অপরাহ্ণ
পটুয়াখালীতে কলেজ মাঠে পড়ে ছিল মেশিনগানের কার্তুজ, উদ্ধার করল পুলিশ!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ চত্বর থেকে মেশিনগানের একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গাছের নিচে ইটের ফাঁকে পড়ে থাকা কার্তুজটি প্রথমে খেলনা মনে করে বাড়িতে নিয়ে যায় এক শিক্ষার্থী। পরে বিষয়টি জানাজানি হলে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করে।

জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিসান। খেলার সময় বল আনতে গিয়ে গাছের নিচে ইটের ফাঁকে তামার মতো দেখতে একটি বস্তু দেখতে পায় সে। সেটিকে খেলনা মনে করে বাড়িতে নিয়ে যায় জিসান।

পরদিন রোববার টিফিনের সময় ওই বস্তুটি বন্ধুদের পাশাপাশি এলাকার বড় ভাই জিহাদ হোসাইনকে দেখায় সে। বস্তুটি দেখে সন্দেহ হলে জিহাদ হোসাইন তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিসান জানায়, বল আনতে গিয়ে বস্তুটি পাওয়ার পর খেলনা মনে করেই সে বাড়িতে নিয়ে গিয়েছিল। পরে এলাকার বড় ভাইকে দেখালে তিনি পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে সেটি কার্তুজ বলে নিশ্চিত করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্তুজটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি মেশিনগানের কার্তুজ। তবে কার্তুজটি কীভাবে কলেজ চত্বরে এলো, তা জানতে তদন্ত চলছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল