• ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নের কলসগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মনু ইসলাম ওরফে মনির (৩৮)। তিনি জামালপুর সদর থানার শ্রীচন্দ্রবাড়ি এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা ও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই মো. খবির হোসেন, এএসআই মো. মনির হোসাইনসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি বিভিন্ন স্থান থেকে গোপনে মাদক সংগ্রহ করে বরিশালে এনে বিক্রি করার কথা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মহানগরী গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল