• ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশ গোডাউন গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ১৬:১৩ অপরাহ্ণ
ত্রিশ গোডাউন গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুই তীর সবুজায়নের লক্ষ্যে সাড়ে তিনশ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে সাগরদী খালপাড়ে পৌঁছালে স্থানীয় বিএনপি ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী খালের তীরে একটি নারকেল গাছের চারা রোপণ করেন। পরে তার সঙ্গে উপস্থিত জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও খালের দুই পাড়ে পৃথকভাবে গাছের চারা রোপণ করেন। আয়োজকদের ভাষ্য, পরিবেশ সংরক্ষণ, জলাধারের সৌন্দর্য বৃদ্ধি এবং ঐতিহাসিক স্থানটির গুরুত্ব তুলে ধরতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য মজিবুর রহমান সারোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুর রহমান চাঁন, মাহবুবুল হক নান্নুসহ বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাগরদী খালটি মহান মুক্তিযুদ্ধের নির্মম স্মৃতির সাক্ষী। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষকে হত্যার পর অনেক মরদেহ এই খালে ফেলে দেওয়া হতো। খালসংলগ্ন এলাকায় এখনও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি বাংকারের অস্তিত্ব রয়েছে, যা সে সময়ের ভয়াবহতার নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ঐতিহাসিক এই স্থানকে ঘিরে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিকে আরও জীবন্ত করে তুলতে সহায়ক হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল