নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর সদর রোডের নতুন বাজার এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটি থেকে চুরি গেছে প্রায় ১৫ লাখ টাকার জিনিস।
নতুন বাজারের ন্যাশনাল ব্যাংকের সামনে অবস্থিত ‘নিউ শতরূপা সোনা ঘর’ (শতরূপা জুয়েলার্স) নামক দোকানে চুরি হয়।
শনিবার (২০ জুন) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোনাই কর্মকার জানান, তার দোকানে ১৮, ২১ ও ২২ ক্যারেটের অলংকার তৈরি ও বিক্রি করা হতো। চোর চক্রটি দোকান থেকে প্রায় ৫ থেকে ৬ ভরি সোনা, ৫০ ভরি রুপা এবং বিভিন্ন রকমের আংটি ও নাকফুল অন্যান্য অলংকার নিয়ে গেছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও কোনো প্রতিকার না পাওয়ায় ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বাজার এলাকায় স্থায়ী নৈশ প্রহরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তারা।
পটুয়াখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রাসেল বলেন, চোর চক্র কোনো প্রমাণ না রেখে চুরি করেছে। ঘটনাস্থলে কোনো প্রাথমিক আলামত না থাকায় একে ‘ক্লুলেস’ মামলা হিসেবে দেখছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং উন্নত প্রযুক্তির সহায়তায় এই চুরির রহস্য উদঘাটন, অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোরদার অভিযান শুরু হয়েছে।