নিজস্ব প্রতিবেদক : সংবাদ প্রকাশের জের ধরে বরিশাল প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক-সম্পাদক এম. লোকমান হোসাইনকে হুমকি এবং একই পত্রিকার সিনিয়র রিপোর্টার মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব।
প্রেসক্লাব সদস্যদের পক্ষে এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, সংবাদ প্রকাশের জের ধরে একটি রাজনৈতিক দলের নেতা জাকির হোসেনের এমন ন্যাক্কারজনক কাণ্ড স্বাধীন গণমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা মাত্র।
এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং হুমকির ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় এই সাংবাদিক সমাজ রাজপথে এর প্রতিবাদ জানাতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।