• ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে এমপিকে কটূক্তি, থানার ভেতরে গ্রেপ্তার আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
বরিশালে এমপিকে কটূক্তি, থানার ভেতরে গ্রেপ্তার আসামির ওপর ছাত্রদল-যুবদলের হামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে পুলিশের উপস্থিতিতে গ্রেপ্তার আসামি লায়ন নিলয় পারভেজের ওপর ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা হামলা করেছেন। এ সময় আসামিকে গালিগালাজ ও ভিডিও ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাতে বাকেরগঞ্জ থানার ভেতর এই ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রেপ্তার লায়ন নিলয় পারভেজ স্থানীয় বিএনপির অনুসারী এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।

উপজেলার নিয়ামতি ইউনিয়নের হজরত আলীর ছেলে লায়ন নিলয় পারভেজ ফেসবুকে স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে ‘কটূক্তি’ করে বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেছেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলার প্রধান আসামি লায়ন নিলয় পারভেজকে শনিবার বিকেলে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে।

একই দিন রাতে নিলয় পারভেজকে ঢাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে বাকেরগঞ্জ থানায় নিয়ে এলে রাত ৯টার দিকে তাঁকে মাইক্রোবাস থেকে নামানোর সময় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হামলা করেন। নিলয়ের ওপর ডিম নিক্ষেপ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিকে গারদে পাঠায়।

তবে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান সাংবাদিকদের বলেন, তাঁদের দল ও সংগঠনের কেউ এই ঘটনায় জড়িত নয়। তিনি দাবি করেন, ওই আসামি নানাভাবে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারিত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে যুব ও ছাত্রদলের কোনো নেতা-কর্মী ছিলেন না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে থানায় এজাহারকৃত একটি মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁকে থানায় নিয়ে এলে কিছু বিক্ষুব্ধ জনতা তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল