নিজস্ব প্রতিবেদক : বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক অরূপ তালুকদার, নাসিমুল আলম, সৈয়দ দুলাল, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, শাহীনা আজমিন, তপংকর চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, গোপাল সরকার প্রমুখ।
বক্তারা মরহুম নেগাবান মন্টুর সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়া, বেলায়েত বাবলু, সুখেন্দু এদবার, জিয়াউদ্দিন বাবুসহ মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।