• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহর নামের ষাঁড়ের মাংস বিক্রি করে বেকায়দায় ফরহাদ মেম্বার, দলীয় পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৬, ২৩:৪৪ অপরাহ্ণ
আল্লাহর নামের ষাঁড়ের মাংস বিক্রি করে বেকায়দায় ফরহাদ মেম্বার, দলীয় পদ স্থগিত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ‘আল্লাহর নামে’ রাস্তায় ছেড়ে দেয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামছুল কবির ফরহাদ ওরফে ফরহাদ মেম্বারের দলীয় পদ সাময়িক স্থগিত করা হয়েছে। পাশাপাশি শায়েস্তাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন খানকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১ লা মে) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব কামরুল আহসান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামসুল কবির ফরহাদ এর দলীয় পদ সাময়িক স্থগিত করা হলো এবং ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন খান এর প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

এরআগে গত ২৫ এপ্রিল (শনিবার) ফরহাদ মেম্বারের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদার। তারা ওই ষাড়টি আল্লাহর নামে তাদের ইউনিয়নের সিল দিয়ে ছেড়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন।

সোহেল হাওলাদার দাবি- এই ষাঁড়টি তারা চাঁদপুরা ইউনিয়নের সিল মেরে ‘আল্লাহর নামে’ ছেড়ে দিয়েছিলেন। যেটি হাটতে হাটতে শায়েস্তাবাদ ইউনিয়নের আট হাজার গ্রামে চলে যায়। সেখানে দীর্ঘদিন ছিল ষাঁড়টি। ষাড়টির বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে। সেটি বিক্রি করে ফরহাদ মেম্বার মাত্র ৫০ হাজার টাকার একটি ষাড় কিনে তার ইউনিয়নের সিল দিয়ে ছেড়ে দিয়েছেন। আমি তার বিরুদ্ধে মামলা করবো।

সেই অভিযোগের প্রেক্ষিতে বরিশাল ক্রাইম নিউজসহ ফরহাদ মেম্বারকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এরপর নিজেকে রক্ষা করতে নিজের ফেসবুক ও কর্মী সমর্থকদের দিয়ে ফেসবুকে লেখালেখি করাচ্ছেন। সেখানে তিনি লিখেছেন ষাড়টি জবাই করার আগে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়েছেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানার দাবি- তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। ফরহাদ মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেনে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সকল অভিযোগ অস্বিকার করে সংবাদ সম্মেলনও করেছেন ফরহাদ মেম্বার।

সংবাদ প্রকাশের পর ২৭ এপ্রিল ফরহাদ মেম্বারকে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ২৪ ঘন্টা মধ্যে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ফরহাদ মেম্বারের দলীয় পদ সাময়িক স্থগিত করা হয়।

এ ব্যাপারে জানতে সামছুল কবির ফরহাদ ওরফে ফরহাদ মেম্বারের মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

উল্লেখ্য, শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল কবির ফরহাদের গত শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ‘আল্লাহর নামে’ ছেড়ে দেয়া একটি ষাঁড়ি ইউনিয়নের আট হাজার গ্রামে বসে জবাই করেন। ষাঁড়টি জবাই করে ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন তিনি। এদিকে থানায় অভিযোগ দেওয়ার পরপরই ফরহাদ মেম্বার তড়িঘড়ি করে একটি ষাঁড় কিনে এলাকায় ছেড়ে দিয়েছেন।

এদিকে দল থেকে ফরহাদ মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও ইউনিয়ন পরিষদ থেকে তাকে অপসারণের জোড় দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল