• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১, ২০২৬, ২২:৪৬ অপরাহ্ণ
বরিশালে আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল করেছে নেতা-কর্মীরা।

শুক্রবার (১ লা মে) ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তাঁরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিলটি ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরঘাটা বাসস্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা যুবলীগের নেতা মামুনুর রশিদ মনু মোল্লা ও ছাত্রলীগ নেতা মো. মাসুম সরদারকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুরূপ বিক্ষোভ মিছিল হয়।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘ভোরে নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) কতিপয় কর্মী পার্শ্ববর্তী কালকিনি থেকে এসে ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়ে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল