• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
বরিশালে দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে রুপাতলী ১৬ এমএলডি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পুনরায় চালু করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টটির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, প্ল্যান্টটির প্রতিদিন প্রায় ১ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের সক্ষমতা রয়েছে। নদী ও খাল থেকে সংগৃহীত কাঁচা পানি আধুনিক প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ করা হবে।

সংশ্লিষ্টরা জানান, কোয়াগুলেশন, ফ্লকুলেশন, স্থিতিকরণ, ফিল্টারিং ও জীবাণুনাশক প্রয়োগের মাধ্যমে পানি শোধনের কাজ সম্পন্ন হয়। সাম্প্রতিক আধুনিকায়নের ফলে পুরো প্রক্রিয়া আরও কার্যকর হয়েছে।

দীর্ঘদিন যান্ত্রিক ত্রুটি, পুরনো অবকাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে প্ল্যান্টটির কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ ছিল। এতে নগরবাসী বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল।

সম্প্রতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্রতিস্থাপন, পাইপলাইন সংস্কার, ফিল্টার ইউনিট উন্নয়ন এবং বৈদ্যুতিক ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে প্ল্যান্টটি সচল করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার। রুপাতলী ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নে বড় অগ্রগতি হলো।

তিনি জানান, ভবিষ্যতে নতুন পানি শোধনাগার স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল