নিজস্ব প্রতিবেদক : নতুন কমিটির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। যদিও পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। আট বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে নতুন নেতৃত্ব তৈরির আহ্বান জানান তারা।
এদিকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলখানা মোড় ঘুরে সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে তারা সড়ক ছেড়ে যান।