• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নোঙর করা ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬, ২৩:২২ অপরাহ্ণ
পটুয়াখালীতে নোঙর করা ট্রলারে মিললো ৬২০০ লিটার জ্বালানি তেল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ছয় হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

জানা যায়, জব্দ তেলের মধ্যে তিন হাজার ২০০ লিটার ডিজেল ও তিন হাজার লিটার পেট্রোল রয়েছে। অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল