• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১৯:০১ অপরাহ্ণ
প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বাংলাদেশকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্র বা এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে জাতীয় বিমান বহর আরও বড়ো করার পরিকল্পনা করছে সরকার। সেই লক্ষ্য থেকে চাহিদামতো বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে বিমান কেনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের চাহিদা অনুযায়ীই আমরা বোয়িং কিনছি। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। সত্যি বলতে আমাদের বিমান বহর বা ফ্লিট আরও অনেক বাড়ানো উচিত। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে আমরা আরও বোয়িং বিমান কিনবো।

সাংবাদিক সম্মেলনে ঢাকা-নিউইয়র্ক সরাসরি আকাশপথে ফ্লাইট চালুর বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, কারিগরি মূল্যায়ন ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে এই রুটটি পুনরায় চালুর আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে চলেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নতুন সরকারের অংশগ্রহণকে অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সফর সংক্ষিপ্ত করার তথ্যভিত্তিক গুঞ্জন নাকচ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চার দিনের এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সঙ্কট, বৈশ্বিক শান্তি ও উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং ১১টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নির্ধারিত সময়েই দেশে ফিরেছেন।

জাতিসংঘে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে বিরোধী জামায়াত নেতার ‘দলীয় বক্তব্য’ আখ্যা দেওয়ার তীব্র সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এ জাতীয় মন্তব্যকে ‘প্রিম্যাচিউরড’ বা ‘অপরিপক্ক’ আখ্যা দিয়ে বলেন, বক্তব্য না বুঝে, না পড়ে বা না শুনে এমন কথা বলা মোটেও সমীচীন নয়। জলবায়ু পরিবর্তন কিংবা রোহিঙ্গা সঙ্কট কোনো দলের বিষয় নয়, এগুলো সম্পূর্ণ জাতীয় ও বৈশ্বিক স্বার্থের বিষয়।

তবে সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ সফরের বাইরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত ও তুরস্ক সফর এবং বহুল আলোচিত গঙ্গা ও তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ নাকি ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা হবে—তা নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরণের ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনা চলছে।

২২ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ উপস্থিত হয়ে ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, বিমান বাংলাদেশের বহরের জন্য উড়োজাহাজ কেনায় এয়ারবাসের প্রস্তাব এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) মতো বৃহৎ প্রকল্পগুলোর ওপরই বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘমেয়াদি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে। একই সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে সব পক্ষকে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ দেওয়াকে বর্তমান সরকারের জন্য বড়ো পরীক্ষা বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বলেন, সাড়ে চার বিলিয়ন ইউরোর (আনুমানিক ৬১ হাজার ৬৫০ কোটি টাকা) দ্বিপাক্ষিক বাণিজ্যকে নতুন উচ্চতায় নিতে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা জোরদার করতে এয়ারবাস কেনার এই মেগা প্রকল্প অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে।

তিনি জোর দিয়ে বলেন, ফ্রান্স কোনো ধরনের ব্ল্যাকমেইল বা চাপ প্রয়োগের কূটনীতিতে বিশ্বাস করে না।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল