• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বানারীপাড়ায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২৩:০১ অপরাহ্ণ
আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বানারীপাড়ায় তোলপাড়
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৮ মাস পর বরিশালের বানারীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভাইরাল হওয়া ছবিতে জাতীয় পতাকা ও দুই নেতার ছবি দেখা গেলেও, কারা এগুলো উত্তোলন বা টাঙিয়েছে তাদের কোনো ছবি দেখা যায়নি।

স্থানীয়দের ধারণা, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের কোনো কর্মী দলীয় কার্যালয়ের শাটার ও জানালার গ্রিলে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে রেখে যান। তবে বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা পতাকা ও ছবি সরিয়ে ফেলেছে বলে জানা গেছে।

ঘটনাটি প্রত্যক্ষ করলেও কার্যালয়ের সামনের ও পাশের কয়েকজন ব্যবসায়ী মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুব্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরিঘাট এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে বিধ্বস্ত কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি জোরদার রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল