• ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট: ঝুঁকিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
বরিশালের সড়কে ফিটনেসবিহীন নীল গ্যাসের গাড়ির দাপট: ঝুঁকিতে যাত্রীরা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে নীল রঙের গ্যাসচালিত থ্রি হুইলার। এসব গাড়ির অনেকগুলোরই নেই হালনাগাদ ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র। পর্যাপ্ত হেডলাইট, সিগন্যাল লাইট ও ইন্ডিকেটর ছাড়াই চলছে অনেক গাড়ি। অধিকাংশের বডি ভাঙাচোরা, বিভিন্ন অংশে ধরেছে মরিচা। কোথাও কোথাও রয়েছে ব্রেকিং ব্যবস্থার ত্রুটি ও ইঞ্জিনের অতিরিক্ত শব্দ। এর মধ্যেই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। ফলে এসব যানবাহনে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, হাতেম আলী কলেজ চৌমাথা থেকে লঞ্চঘাট এবং নথুল্লাবাদ থেকে বিএম কলেজ হয়ে লঞ্চঘাট রুটে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০টি গাড়ি চলাচল করে। এসব গাড়ির অনেকগুলোরই ফিটনেস ও কাগজপত্রের মেয়াদ শেষ। কোনো কোনো গাড়িতে প্রয়োজনীয় লাইট ও ইন্ডিকেটর ঠিকমতো কাজ করে না। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে। অথচ এসব যানবাহন প্রতিদিন নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অলিগলি ও আশপাশের মহাসড়কে চলাচল করছে।

গত মাসে নগরীর হাসপাতাল রোড এলাকায় চলন্ত অবস্থায় একটি নীল রঙের গ্যাসচালিত থ্রি-হুইলারের ব্যাটারির তারে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এসব যানবাহনের বৈদ্যুতিক সংযোগ ও সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় যুবক সাগর বলেন, বরিশাল নগরীতে চলাচলকারী নীল রঙের গ্যাসচালিত থ্রি-হুইলারগুলোর অনেকগুলোর অবস্থাই ভালো নয়। অধিকাংশ গাড়ির বডি ভাঙাচোরা এবং বিভিন্ন অংশে মরিচা ধরে গেছে। অনেক গাড়িতে প্রয়োজনীয় লাইট ও ইন্ডিকেটর নেই। ইঞ্জিন থেকেও অতিরিক্ত শব্দ হচ্ছে। এসব গাড়িতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকেই গাড়িগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

ইসমাইল নামে আরেক যুবক বলেন, এসব গাড়ির ব্রেকিং ব্যবস্থা নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে। অনেক গাড়ির সামনের চাকায় কার্যকর ব্রেকের ব্যবস্থা নেই বলে দাবি করেন তিনি। পেছনের দুই চাকায় ব্রেক থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে জরুরি মুহূর্তে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়াই কিছু যুবক এসব গাড়ি নিয়ে নগরীতে চলাচল করছেন বলেও অভিযোগ করেন তিনি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গাড়ির ব্রেক, ইঞ্জিন, লাইট ও অন্যান্য যন্ত্রাংশ পরীক্ষা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মার্চে প্রকাশিত একটি সংবাদে বরিশাল মহানগরীতে বিআরটিএ অনুমোদিত ২ হাজার ৫০০টি সিএনজি ও গ্যাসচালিত অটোরিকশার তথ্য উল্লেখ করা হয়েছিল। তবে বর্তমানে নগরীতে নীল রঙের গ্যাসচালিত থ্রি-হুইলার কতটি চলাচল করছে এবং এর মধ্যে কতটির ফিটনেস বা কাগজপত্রের মেয়াদ নেই, তার হালনাগাদ নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।

অন্যদিকে, ২০২৬ সালের ২২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে বরিশাল মহানগরীতে ৪০ হাজারের বেশি অবৈধ ছোট যানবাহন চলাচলের কথা জানিয়েছিলেন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা। তবে এ সংখ্যা বিভিন্ন ধরনের ছোট যানবাহন মিলিয়ে, শুধু নীল রঙের গ্যাসচালিত থ্রি-হুইলারের নয়।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ফিটনেসবিহীন ও যান্ত্রিকভাবে ত্রুটিপূর্ণ এসব যানবাহন কীভাবে নিয়মিত যাত্রী পরিবহন করছে। মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও সড়কে এসব গাড়ির চলাচল বন্ধ হচ্ছে না কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) সুশান্ত সরকার, পিপিএম (অতিরিক্ত দায়িত্বে) জানান, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগ সোচ্চার রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নেই বা ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী গাড়ি আটকও করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার জানান, সাধারণ মানুষের জন্য হুমকিস্বরূপ ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র নিয়ে চলাচলকারী ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসন ও বিআরটিএর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল