অনলাইন ডেক্স : কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি পেঁচারদ্বীপ জাদুঘর এলাকায় সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুটি দলে ভাগ হয়ে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন পর্যটকেরা। তাদের একটি দল ঢাকার উত্তরা এবং অন্যটি চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিল। গোসলে নামার পর তারা স্রোতে ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, দুটি দল সমুদ্রে গোসল করতে নেমেছিল। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় তিন পর্যটকের মৃত্যু হয়েছে। আরও দুজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ পর্যটকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলমান রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয় পাওয়া যায়নি।