• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সোহেলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২১:২০ অপরাহ্ণ
নলছিটিতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সোহেলসহ গ্রেপ্তার ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের এক নেতা ও সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তিমিরকাঠি গ্রামের মৃত রুস্তম আলী খন্দকারের ছেলে, দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সুমন খন্দকার ওরফে সোহেল (৪৫) এবং গোদণ্ডা গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে ও সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান নাইম (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মামলার নথি ও পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া শূন্য পয়েন্ট ও দপদপিয়া সেতুর দক্ষিণ পাড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশের দাবি, ওই মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়।

পুলিশ জানায়, মামলাটি তদন্তকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই ঘটনায় সুমন খন্দকার ও মোস্তাফিজুর রহমান নাইমের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জামিন না দিয়ে জেলহাজতে রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল